






ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট, সোমবার নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও রোগী বাছাই ক্যাম্প আয়োজন করা হয়। ‘কম্প্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্ট’-এর আওতায় পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের একটি দল। ঈশ্বরদী ও পার্শ্ববর্তী এলাকার ৩৭০ জন রোগীর চোখের পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্রিনিং করেন। পরীক্ষা শেষে ১২৮ জন রোগীকে চোখের ছানি ও মাংস বৃদ্ধিজনিত চিকিৎসার জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাঁদের বিনামূল্যে ছানি অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। আয়োজক সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
No Comments