
ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে দিনব্যাপী একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। গত ৭ মে, বৃহস্পতিবার নিউ এরা ফাউন্ডেশন (এনইএফ)-এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে ‘বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও রোগী বাছাই ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন হয়। ‘কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্ট’-এর আওতায় পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম দিনব্যাপী ঈশ্বরদী ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৪২ জন রোগীর চোখ পরীক্ষা ও স্ক্রিনিং করেন। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষার পর ৬০ জন রোগীকে চোখের ছানি ও মাংস বৃদ্ধিজনিত সমস্যার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। বাছাই করা রোগীদের সিরাজগঞ্জের প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশনসহ প্রয়োজনীয় সার্জারি করা হবে। আয়োজক সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






No Comments