
নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল, বুধবার অর্জুনপুর বড়মহাটি ইউনিয়নের পাটিকাবাড়ি বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে নিউ এরা ফাউন্ডেশনের ‘সমৃদ্ধি’ কর্মসূচির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে এলাকার মোট ১৩৯ জন নারী ও পুরুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্যাম্পে রোগীদের সেবা দেন অর্থোপেডিক্স ও ক্রায়োসার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মো. ফখরুল ইসলাম এবং মেডিসিন অভিজ্ঞ চিকিৎসক ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে নিউ এরা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম বলেন, গ্রামীণ জনপদে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। সংস্থার শাখা ব্যবস্থাপক এস এম জাহাঙ্গীর আলম স্থানীয়দের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শোভন কুমার লাহিড়ীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা মুন্সি মো. সাজেদুর রহমান ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল সাকিবসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সাধারণ মানুষের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ করে দিয়ে সংস্থাটি অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে।




No Comments