নিউ এরা ফাউন্ডেশনে বর্ষবরণ ১৪৩৩ উদযাপিত


বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিউ এরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। গত ১৪ এপ্রিল মঙ্গলবার, সংস্থাটির প্রধান কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৭টায়। প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা চরমিরকামারীস্থ পারিবারিক কবরস্থানে নিউ এরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও সমাজসেবক প্রয়াত মঞ্জুর রহমান বিশ্বাসের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এরপর প্রধান কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ঐতিহ্যবাহী পান্তা-ভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফৌজিয়া মঞ্জুর। পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোঃ শমসের আলী।
অনুষ্ঠানে সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, প্রধান হিসাবরক্ষক, প্রধান এমআইএস কর্মকর্তা, সিনিয়র মানবসম্পদ কর্মকর্তা এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। এই বিশেষ দিনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মহৎ অবদান ও আদর্শকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাঁর দেখানো পথ অনুসরণ করেই নিউ এরা ফাউন্ডেশন আজ আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী পান্তা, দেশীয় হরেক রকমের ভর্তা ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।

No Comments

Post a Comment