সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈশ্বরদীতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়েছে। ১৫ জুলাই, মঙ্গলবার সকালে উপজেলার ঢুলটি এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিউ এরা ফাউন্ডেশন’-এর প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এই মানবিক কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। নিউ এরা ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী, জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু এবং সিরাজগঞ্জের এম এ মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টিএম মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে নিউ এরা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, নিউ এরার মতো দেশের আরও ১০টি প্রতিষ্ঠান যদি এভাবে এগিয়ে আসত, তবে অনেক হতদরিদ্র ও অসহায় মানুষ বিনা মূল্যে ছানি অপারেশন করিয়ে তাঁদের চোখের আলো ফিরে পেতেন। আয়োজকেরা জানান, দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে চক্ষু বিশেষজ্ঞদের উপস্থিতিতে আড়াই শতাধিক মানুষের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়। এছাড়া পরীক্ষার মাধ্যমে ৮২ জন ছানি রোগীকে এবং ১২ জন রোগীকে চোখের অন্যান্য সাধারণ অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়েছে, যাদের সিরাজগঞ্জের এম এ মতিন চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহন করা হয়েছে । এ ছাড়া চক্ষু পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী অনেক রোগীকে বিনা মূল্যে চশমাও দেওয়া হয়েছে। নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।




No Comments