বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস)-এর প্রতিষ্ঠাতা, সাবেক নির্বাহী পরিচালক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং এনজিও ফেডারেশন-এফএনবি’র জাতীয় কার্যনির্বাহী বোর্ড সদস্য বেগম রোকেয়া আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় দুপুর ২:৪০ মিনিটে সুইডেনের স্টকহোমে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
প্রয়াত বেগম রোকেয়া আমৃত্যু সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি গভীর মমত্ববোধ থেকেই তিনি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন স্বাবলম্বী উন্নয়ন সংস্থা (এসইউএস)। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার ৩১টি উপজেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নারী, কিশোর-কিশোরী ও শিশুদের ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার, বিশুদ্ধ পানি, পুষ্টি ও স্যানিটেশন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর টেকসই জীবিকায়নের মতো বহুমাত্রিক কার্যক্রম ছিল তার প্রতিষ্ঠিত সংস্থার মূল লক্ষ্য ও আদর্শের প্রতিফলন।
বেগম রোকেয়ার মৃত্যুতে দেশের বেসরকারি উন্নয়ন খাত একজন দূরদর্শী, নেতৃত্বশীল ও মানবিক ব্যক্তিত্বকে হারাল। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস)-এর সর্বস্তরের কর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
February 1, 2026