লালপুরে নিউ এরা ফাউন্ডেশনের আয়োজনে ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

নাটোরের লালপুর উপজেলায় উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন–এর আয়োজনে উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় শনিবার (২৯ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে।

অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কার্যক্রমের সদস্য, উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সদস্য এবং প্রবীণ কার্যক্রমের সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস হোসেন সৌরভ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবীর হোসেন এবং সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন আহমদউল্লাহ মিলন

এছাড়াও উপস্থিত ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, বরমহাটী ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আবেদ আলী, সমাজসেবক শরিফুল ইসলাম সোহাগ, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, মোঃ আব্দুল মান্নান, মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন,
“নিউ এরা ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই অনুকরণীয়। এর মাধ্যমে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং সামাজিক সংহতি ও সচেতনতা বৃদ্ধি পাবে।”

সভাপতির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বলেন,
“নিউ এরা ফাউন্ডেশন শিক্ষা ও সমাজ উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। আজকের এই আয়োজন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রেখেছে।”

উন্নয়ন মেলায় মোট ছয়টি স্টল অংশ নেয়। এর মধ্যে পুরস্কারপ্রাপ্ত স্টলগুলো হলো—
প্রথম: অর্জুনপুর কৈশোর ক্লাব,
দ্বিতীয়: মানিকহার কৈশোর ক্লাব,
তৃতীয়: বরমহাটী কৈশোর ক্লাব।

দেয়ালিকা স্টলে কিশোর-কিশোরী ক্লাবের ১১ জন সদস্য নিজস্ব লেখায় ছড়া, কবিতা ও প্রবন্ধ উপস্থাপন করেন।

দিনব্যাপী আয়োজনে কিশোরদের ম্যারাথন দৌড়, কিশোরীদের সাইকেল র‍্যালি, যুবদের ১০০ মিটার দৌড় ও সংগীত প্রতিযোগিতা, শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের একক নৃত্য, প্রবীণদের বল নিক্ষেপ এবং অভিভাবকদের জন্য “বাজনা থামলে বালিশ কোথায়” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান, মেন্টর এবং যুব নারী-পুরুষ প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। ইউপি সদস্য, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, অভিভাবক, প্রবীণ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শোভন কুমার লাহিড়ী। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন এস.এম. জাহাঙ্গীর আলম, মুন্সি মো. সাজেদুর রহমান, নাজমুল সাকিবরাশিদুল হাসান রাসেল

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নিউ এরা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন। আয়োজকরা জানান, এই আয়োজন সমাজে সমন্বিত উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরির একটি কার্যকর উদাহরণ হিসেবে কাজ করবে।